২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ

কিশোরগঞ্জে হরতালসহ আন্দোলন কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ভৈরব, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে হরতালসহ আন্দোলন কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে। এছাড়া দোষীদের বিচারের দাবিতে ভৈরব উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার অর্ধদিবস সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার ভৈরব থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগটি করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন। ভৈরব থানার ওসি মো. শাজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগটি গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া গেলে রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে অভিযোগটি নথিভুক্ত কর হবে।" তিনি জানান, লিখিত এই অভিযোগে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তদন্ত করে আসামিদের খুঁজে বের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওসি'র বরাত দিয়েছে জানান, আওয়ামী লীগ নেতা সিরাজ অভিযোগে বলেছেন গত ১ ও ২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা সদরে রাষ্ট্রপতির কুশপ্ত্তুলিকা দাহ এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। আন্দোলনের নামে এই কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা রাষ্ট্রদ্রোহের সামিল। ভৈরবকে জেলা করার সরকারের উদ্যোগের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) কিশোরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জেলার অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদ নামে একটি নাগরিক কমিটি। আগের দিন (১ নভেম্বর) কালো পতাকা উত্তোলন করা হয়। প্রস্তাবিত ভৈরব জেলায় সংযুক্ত না করার দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদী, নিকলীসহ কয়েকটি উপজেলার মানুষ গত কিছুদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া প্রতিবাদে ভৈরব সদরের দুর্জয় মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সমাবেশ করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষীদের বিচারের দাবিতে তারা মঙ্গলবার অর্ধদিবস সড়ক, রেল ও নৌপথ কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.