ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উচ্চ পর্যায়ের চারটি পদে বর্তমানে ২৯১ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিদেশে প্রশিক্ষণে রয়েছেন।
ওএসডি কর্মকর্তাদের মধ্যে সচিব পর্যায়ের ১১ জন, অতিরিক্ত সচিব পর্যায়ে ৫৮ জন, যুগ্ম-সচিব পর্যায়ে ৯৫ জন এবং উপ-সচিব পর্যায়ের ৮৭ জন কর্মকর্তা রয়েছেন। তাদের বেশিরভাগই সদ্য পদোন্নতি পাওয়া। বিভিন্ন পদে তাদের পদায়নের কাজও চলছে।
প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের লাইব্রেরী কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
দায়িত্ব পাওয়ার ১০ মাস পর এই প্রথম তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন।
এ সময় সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ইমাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পাঁচ বছরে প্রশাসনের বিভিন্ন স্তরে প্রায় তিন হাজার ৯১ জন কর্মকর্তা ওএসডি ছিলেন। এদের মধ্যে সচিব ছিলেন ৮১ জন। এছাড়া অতিরিক্ত সচিব ২৫৯ জন, যুগ্ম-সচিব ৭৩৯ জন এবং উপ-সচিব দুই হাজার ১২ জন।
প্রশাসনে ওএসডি থাকা কর্মকর্তাদের সম্পর্কে তিনি আরো জানান, বিভাগীয় মামলা, দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগসহ বিভিন্ন কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের কাউকে কাউকে পদায়ন করা যাচ্ছে না। এদের মধ্যে কারো কারো ফাইল দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হয়েছে। কোনো কোনো ফাইল যাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে অধিকাংশই রয়েছে পদায়নের অপেক্ষায়।
বিগত সরকারের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী এবং উপদেষ্টাদের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের কারণে 'পদোন্নতি বঞ্চনার' কথিত অভিযোগ প্রসঙ্গে এইচটি ইমাম বলেন, "এ ধরনের কোনো কাজ বর্তমান সরকার করেনি। কারণ, আমরা দিন বদলের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছি।"
এ প্রসঙ্গে তিনি জানান, বিগত বিএনপি সরকারের আমলে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন সাতজন সচিব এখনো সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের কোনো ক্ষতি হয়নি। আগের বিএনপি সরকারের সময় পিএস ও এপিএস হিসেবে দায়িত্ব পালন করা ৩৫ জনের পদোন্নতি দিয়েছে বর্তমান সরকার। যদি এমন হতো, তবে এসব কর্মকর্তার পদোন্নতি হতো না।
পদোন্নতি বঞ্চিতদের দাবির বিষয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, তাদের আবেদন করতে বলা হয়েছে। এখন নভেম্বর মাস চলছে। এরমধ্যে আবেদন করতে হবে। তাদের আবেদনগুলো যাচাই করে সরকার পদক্ষেপ নেবে। তবে কারো কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারো যোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে, এসব বিবেচনা করা হচ্ছে। যাচাই বাছাই করেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রশাসনের কাঠামো হচ্ছে পিরামিডের মতো। এতে নিচের দিকে যারা চাকরিতে যোগ দেন, তাদের প্রায় সবাই উপ-সচিব পর্যন্ত হতে পারেন। কিন্তু পদের স্বল্পতা এবং বিভিন্ন দিক বিবেচনার কারণে অনেকেই যুগ্ম-সচিব হতে পারেন না। এভাবে অনেকেরই সচিব পর্যন্ত পদোন্নতি পাওয়া সম্ভব হয় না। তবে সরকার সার্বিক দিক বিবেচনা করেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। যদিও শীর্ষ পর্যায়ের অনেক পদেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হতে পারে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার ঘটনার উল্লেখ করে ইমাম জানান, জোট সরকারের সময় একদিনে কোনো কারণ ছাড়াই ৪০ জন কর্মকর্তার চাকরি খেয়ে ফেলা হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময় এভাবে কারো চাকরি খাওয়া হয়নি। মাত্র একজনকে চাকরিচ্যুত করা হয়েছে, তবুও সেটা ভিন্ন কারণে।
প্রশাসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে ঢেলে সাজানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী এ ধরনের একটি প্রস্তাব দিয়েছেন মন্ত্রিসভার কাছে। তবে বিষয়টি নিয়ে কোন আলোচনা বা অগ্রগতি হয়নি। এ নিয়ে সরকার এখন ভাবছেও না। সরকার প্রশাসনিক দক্ষতা ও কাজের গতি বাড়াতে কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব নিয়েই এখন সরকারের সংশ্লিষ্টরা তৎপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৪০ ঘ.
bdnews24