২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট চালুর উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন

রাষ্ট্রীয় লোকসানের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় লোকসানের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান এ রিট দায়ের করেন। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণারয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি দমন কমিশনের সচিবকে বিবাদি করা হয়। রিট আবেদনে বলা হয়, বিমানের ঢাকা-নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পরিচালনায় রাষ্ট্রের ব্যাপক লোকসান হয়। আবেদনকারী বিভিন্ন সূত্র থেকে জেনেছেন, প্রকৃতপক্ষে ওই রুটে বিমানের প্রতি ফ্লাইটে ৬০ লাখ টাকা করে লোকসান গুণতে হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, বিমান আগামী ২৪ নভেম্বর থেকে ওই রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এতে বিমান আবারো ক্ষতির সম্মুখীন হবে এবং এটি রাষ্ট্রীয় ক্ষতি। এ কারণে প্রস্তাবিত ঢাকা-নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পরিচালনার উপর আদলতের স্থগিতাদেশ চান তিনি। সেইসঙ্গে বিমান কর্তৃপক্ষকে কেন ঢাকা-নিউইয়র্ক-ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়। রিটটি পরিচালনা করবেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান নিজেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/১৮১৯ ঘ.