ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের চার সাংবাদিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) পদক ২০০৯ পেয়েছেন।
এদের মধ্যে জাতীয় পর্যায়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সৈয়দ আশফাকুল হক ও জুলফিকার আলী মানিক, ইলেক্ট্রনিক গণমাধ্যম বিভাগে একুশে টেলিভিশন-এর দীপু সারোয়ার এবং আঞ্চলিক সংবাদপত্র বিভাগে দৈনিক দৃষ্টিপাতের খুলনা ব্যুরো প্রধান নূরুজ্জামানকে এ পদক দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে টিআইবি'র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তথ্যমন্ত্রী দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বিভিন্ন টেলিভিশনের টকশোতে এমন সব কথা বলা হয়, যা শুধু সরকারের বিরুদ্ধে নয় দেশের বিরুদ্ধেও চলে যায়। বিভিন্ন সংবাদপত্রেও এ ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে।
"সরকার এসব মনিটরিং করছে। তবে সরকার অবাধ তথ্যপ্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাস করে বলে এতে হস্তক্ষেপ করছে না।"
মন্ত্রী আরও বলেন, "... আপনারা আপনাদের কাজ করে যান, জনগণই বিচার করবে, কোনটি সঠিক। অতীতেও জনগণ তাদের রায়ের মাধ্যমে সঠিক জিনিসটি বেছে নিয়েছে, ভবিষ্যতেও তাই করবে।"
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও আজাদ জানান।
টিআইবি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম মূসা, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান, টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৬২০ ঘ.
bdnews24