২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রার্থীকে মারধর

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে সিলেটে এক প্রার্থীকে মারধর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 06:25 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

সিলেট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে সিলেটে এক প্রার্থীকে মারধর করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক ওই প্রার্থীকে মারধরের অভিযোগ এসেছে একই দল সমর্থক অপর প্যানেলের বিরুদ্ধে। আহত চিকিৎসক সুদর্শন সেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে বিএমএ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভোটগ্রহণ শুরুর সময় সকাল ৯টার দিকে সুদর্শনের ওপর হামলা হয়। এ ঘটনার পর ভোট গ্রহণ ব্যাহত হয়নি। তবে সুদর্শনের প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও সিপিবি সমর্থিত ডক্টরস ফর ইনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ ছাড়া অন্য সংগঠনগুলো মাঠে নেই। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব নির্বাচন বয়কট করছে। সিলেটে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলই আওয়ামী লীগ সমর্থকদের। স্বাচিপের সমর্থন নিয়ে রোকন-মোরশেদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিদ্বন্দ্বিতাকারী ময়নুল-মাহবুব প্যানেল বিদ্রোহী প্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে। ময়নুল-মাহবুব প্যানেলের প্রার্থী এজেডএম মাহবুব আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিপক্ষ প্যানেলের লোকজন আমাদের প্রার্থী সুদর্শন সেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে।" সুদর্শন প্রকাশনা সম্পাদক প্রার্থী। তার ওপর হামলার প্রতিবাদে ময়নুল-মাহবুব প্যানেল নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ডা. সুদর্শনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে সুদর্শনের ওপর হামলার বিষয়ে অপর প্যানেলের প্রার্থী ডা. রোকন উদ্দীন কোনও মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৪ ঘ.