২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বিএনপি'র বিক্ষোভ

চাঁদপুর জেনারেল হাসপাতালের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপিত ভিত্তিপ্রস্তর বুধবার ভেঙে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চাঁদপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেনারেল হাসপাতালের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপিত ভিত্তিপ্রস্তর বুধবার ভেঙে ফেলা হয়েছে। একই স্থানে বসানো হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাম সংবলিত একটি ভিত্তিপ্রস্তর। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি রাত ১০টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শপথ চত্বরে একটি পথসভাও হয়। সভায় বক্তারা খালেদা জিয়ার বসানো ভিত্তিপ্রস্তর ভাঙার তীব্র নিন্দা জানান। এটি যথাস্থানে স্থাপন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারে চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর আমি ব্যাপারটি সাংবাদিকদের কাছ থেকে শুনে পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) জানিয়েছি।" দুপুরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা করার সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা। জেলা বিএনপি'র আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ বলেন, "এ ন্যাক্কারজনক ঘটনা সরকার দলীয় সন্ত্রাসীরাই ঘটিয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি নিচ্ছি।" জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়া ওই হাসপাতাল উদ্বোধন করেননি। করেছেন আমাদের সেলিম ভাই (শেখ ফজলুল করিম সেলিম)। "আর এটা কে ভেঙেছে তা আমি জানি না।" নির্মাণ কাজ শেষ হওয়ার পর ২০০৫ সালের ১৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতাল ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। এর আগে ভবনের কাজ শুরু হওয়ার সময় ২০০০ সালের ২৫ নভেম্বর আওয়ামী লীগ সরকারের ওই সময়কার স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমও একটি ভিত্তিফলক স্থাপন করেন। পরবর্তীতে তা সরিয়ে ফেলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫০ ঘ.