ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে দুই কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ সরকারি ক্রয়ের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
এ বিধান বাতিলসহ আরো কিছু পরিবর্তনের মধ্য দিয়ে বুধবার পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধনী) আইন-২০০৯ সংসদে পাস হয়েছে।
সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সবার প্রতি সমানআচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করাই এর লক্ষ্য বলে বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়।
সংশোধিত আইন অনুযায়ী ২ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে কোন দরদাতা দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের ৫ শতাংশের অধিক কম বা অধিক বেশি দর দিলে ওই দরপত্র বাতিল করা হবে। এছাড়া এ অর্থসীমা পর্যন্ত একাধিক দরদাতা সর্বনিু দর দিলে লটারির বিধান, ব্যক্তির যোগ্যতা নির্ধারণে অতীতে সম্পাদিত ক্রয় কার্যের অভিজ্ঞতার শর্ত বাদ, আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে দেশীয়দের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক না করা এবং ক্রয়কারী কার্যালয় প্রধানের সংজ্ঞায় নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সংসদে বিলটির ওপর স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য উপস্থাপন করেন। এরপর কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে রোববার সংসদে বিলটি উপস্থাপন করা হয়।
শ্রম আইন (সংশোধন)-এর ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ
এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি 'বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০০৯ বিল-এর ওপর প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে।
কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম এ প্রতিবেদন উপস্থাপন করেন। এর আগে ১ নভেম্বর সংসদে বিলটি উপস্থাপন করেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএআর/এএল/এসকে/২২০৫ঘ.
bdnews24