নীলফামারী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।
এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর কারাভোগ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমএ নুর বুধবার বিকেল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের জাহিদ কবীর (২৬), শহিদুল ইসলাম ওরফে তান্নাম (২৭) ও বাবুল হোসেন (২৪)।
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২৫ এপ্রিল রাতে উপজেলার খোকশাবাড়ি গ্রামের মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৪) অসুস্থ বোনকে দেখতে ভাগিনাকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে রওনা হয়।
যাওয়ার পথে আসামিরা জোর করে তাদের একটি বাড়িতে নিয়ে মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায়।
২৭ এপ্রিল মেয়েটির বড়ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক একেএম মিজানুর রহমান তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24