২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে নগরীর মোহাম্মদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে নগরীর মোহাম্মদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজহার বাবু বিভিন্ন সময় আইজিপি, র‌্যাব, কাস্টমস কর্মকর্তা ইত্যাদি পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান। তিনি বলেন, সর্বশেষ আইজিপি পরিচয় দিয়ে বিমান বন্দরের বহির্গমন শাখার ওসিকে (ইমিগ্রেশন) ফোন করে বিশেষ সুবিধা প্রদানের আদেশ দেন আজহার বাবু। তিনি বলেন, "আমি আইজিপি বলছি। জিএমজি এয়ারলাইন্সে পাকিস্তান থেকে আমার পরিচিত এক মহিলা আসবে, তাকে রিসিভ করবে।" কামরুল আহছান জানান, ওসি ইমিগ্রেশনের সন্দেহ হলে তিনি পুলিশকে জানান। পরে পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় মঙ্গলবার রাতে আজহারকে গ্রেপ্তার করা হয়। তথ্য কর্মকর্তা আরও জানান, ইরফানা বেগম নামে এক মহিলা জিএমজির উড়োজাহাজে ঢাকা আসছিলেন। তার কাছে ৭০ কেজি ওজনের লাগেজ ছিল যা খালাসের ব্যাপারে তিনি শঙ্কিত ছিলেন। মহিলার আত্মীয়রা আজহারকে বিষয়টি জানালে তিনি সহযোগিতার আশ্বাস দিয়ে এ প্রতারণার আশ্রয় নেন। আজহার মোহাম্মদপুরে তার বোনের বাসায় থাকেন। এ প্রসঙ্গে তথ্য কর্মকর্তা বলেন, পুলিশ প্রধান কখনোই চেইন অব কমান্ডের বাইরে কারও সঙ্গে সরাসরি কথা বলেন না। তিনি আইজিপি বা পুলিশের ঊর্দ্ধতন কোনও কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ কোনও তদ্বিরের চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই তা কাছের থানায় জানানোর পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এজে/এসকে/২০৪৬ঘ.