ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটকেপড়া পাকিস্তানীদের সংগঠন এসপিজিআরসি তাদের নানা সংকট সমাধান ও দাবি-দাওয়া বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ।
বুধবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এসপিজিআরসি'র দুই দিনব্যাপী সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি করা হয়।
বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার প্রদানে দ্রুত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এসপিআরজি'র সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, "বঙ্গবন্ধু আটকেপড়া পাকিস্তানীদের সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। তবে পরবর্তীতে অন্য কোনো সরকার তেমন উদ্যোগ না নেওয়ায় সারাদেশে বসবাসরত তিন লাখ আটকেপড়া বিহারী মানবেতর জীবনযাপন করছে।"
অনুষ্ঠানে উপস্থিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান তাদের দাবি 'ন্যায়সঙ্গত' মন্তব্য করে যতদ্রুত সম্ভব যারা পাকিস্তান ফিরে যেতে চান তাদের যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান।
দেশের ১৩ টি জেলার ৭০টি ক্যাম্পে প্রায় তিন লাখ উর্দুভাষী বিহারী
বাস করছেন। বাংলাদেশের স্বাধীনতার পর এরা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে সেদেশে ফেরত যেতে চায় বলে তারা 'আটকাপড়া পাকিস্তানী' হিসেবে পরিচিত। তাদের প্রত্যাবাসন এক পর্যায়ে শুরু হলেও দৃশ্যত পাকিস্তানের আগ্রহের অভাবের কারণে তা দীর্ঘদিন ধরে থেমে আছে।
পাকিস্তান ফিরে যেতে ইচ্ছুকদের ভালোভাবে থাকার ব্যবস্থা করতে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তোলারও আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রী।
বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এসব উর্দুভাষীও বেকার হয়ে পড়েছে এ অভিমত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "বন্ধ হয়ে যাওয়া এশিয়ার বৃহত্তম পাটকল আদমজীর দ্বিতীয় মিলটি পুনরায় চালুর চিন্তা করা হচ্ছে।"
এছাড়া খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, নিউজপ্রিন্ট মিলসহ দেশের অন্যান্য স্থানে বন্ধ হয়ে যাওয়া শিল্প কল-কারখানা চালুর জন্য সরকার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বলে জানান তিনি।
মুন্নুজান বলেন, "শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এসব কল-কারখানা আবার চালু করতে তথ্য সম্বলিত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর কাজ চলছে।"
শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এসপিআরজি'র খালিশপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ঢাকার সহ-সভাপতি এহতেশামুল হক, সৈয়দপুর শাখার সভাপতি রিয়াজ আকবর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২০৩৮ঘ.
bdnews24