কুষ্টিয়া, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রসহ গ্রেপ্তার কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী তাসলিমা খান আঁখিসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিনের হেফাজতে নিয়েছে।
পুলিশ আঁখিসহ পাঁচ আসামিকে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে বুধবার দুপুরে সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চায়।
বিচারক আব্দুল আজিজ মণ্ডল তাসলিমা খান আঁখি, রানী খাতুন, আব্দুর রাজ্জাক ও আক্কাস আলি মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তবে মাইক্রোবাস চালক শাহিনকে জিজ্ঞাসাবাদের আদেশ দেননি।
সদর থানার ওসি এ.কে.এম. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঁখি ও তার সহযোগীদের বুধবার রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবাড়িয়া এলাকা থেকে সোমবার রাতে পুলিশ কুষ্টিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখি, হাউজিং এলাকার রানী খাতুন, কালিশংকরপুরের আব্দুর রাজ্জাক, মাইক্রোবাস চালক শাহিন এবং দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামে আক্কাস আলি মোল্লাকে গ্রেপ্তার করে। উদ্ধার করে একটি একে-৪৭ রাইফেল, একটি শর্টগান, ৮২ রাউন্ড গুলি ও পাঁচটি মোবাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24