২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী শ্রমিকদের ৬০% কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়

বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ৬০ শতাংশ কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হলেও তাদের মধ্যে মাত্র ১০ শতাংশ চিকিৎসা সুবিধা পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ৬০ শতাংশ কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হলেও তাদের মধ্যে মাত্র ১০ শতাংশ চিকিৎসা সুবিধা পায়। আর এসব শ্রমিকদের ৯৫ শতাংশই ডায়রিয়া, ত্বকের ইনফেকশন, জ্বরসহ এ রকম নানা সাধারণ রোগে ভুগে থাকে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর'বি)র যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বুধবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। চট্টগ্রামের অভিবাসনপ্রবণ এলাকা মিরসরাই উপজেলার সাতটি ইউনিয়নে এ গবেষণা চালানো হয়। সরকারি তথ্য মতে, এ উপজেলার ৫০ শতাংশ লোক প্রবাসী। রুমানা সাইফি পরিচালিত এ গবেষণায় ২০০ অভিবাসী ও ২০০ সম্ভাব্য অভিবাসীর সাক্ষাৎকার নেওয়া হয়। এতে বলা হয়, প্রায় ৫০ শতাংশ শ্রমিক জানিয়েছেন বিদেশে যাওয়ার পর থেকে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। ৬৬ শতাংশ এইচআইভি/এইডসের কোনো লক্ষণ জানেন না উল্লেখ করে বলা হয়, অথচ অভিবাসীদের মধ্যে যাদের বয়স গড়ে ৩৭ বছর তাদের ৩০ শতাংশই অন্য নারীর সঙ্গে যৌনসম্পর্ক গড়ে তোলে। গড়ে ২০ জন অভিবাসীর মধ্যে একজন জানিয়েছেন, তারা সর্বশেষ যৌনমিলনের সময় কনডম ব্যবহার করেছে। অভিবাসীদের ৬০ শতাংশ কয়েক বছর ধরে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে বলেও এতে জানানো হয়। অনুষ্ঠানে আইওএম'র আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, "আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে যৌনবাহিত সংক্রমণ ও এইডসকে বিশেষ সতর্কতার সঙ্গে দেখা উচিত।" ভবিষ্যতে অভিবাসনের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় সরকার এবং অন্য সহযোগীদের সঙ্গে কাজ আইওএম করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসএইচ/১৬২১ ঘ.