২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা শেষ হলে উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র

দেশের সব উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের সব উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। তবে বাকি ১১টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরই কেবল উপজেলা পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহজাবীন মোরশেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। আহাদ আলী সরকার বলেন, "দেশের ৫৩ টি জেলায় বর্তমানে যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ১১ টি জেলায় এখনও যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সম্ভব হয়নি। এসব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরই উপজেলা পর্যায়ে স্থাপনের বিষয়টি ভেবে দেখা হবে।" কুমিল্লা-৪ আসনের সাংসদ এবিএম গোলাম মোস্তফার লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কোনও পরিকল্পনা সরকারের নেই। অন্যদিকে সাংসদ তারানা হালিমের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাঁতারের মানোন্নয়নে ঢাকাসহ ১২ জেলা সদরে ১৫টি পূর্ণাঙ্গ সুইমিং কমপ্লেক্স নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএআর/এএনএস/এসকে/২৩৩৩ঘ.