ঢাকা নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহায়তা পেতে বাংলাদেশকে সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় প্রতিনিধি দল।
সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নিরজ দেভা মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জলবায়ু পরিবর্তনের ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সামনের কাতারে লড়ছে এমন দেশগুলোকে সহায়তা করতে ইইউ অঙ্গীকারবদ্ধ।"
তিনি বলেন, "জলবায়ুর প্রভাব মোকাবেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তবে এ সহায়তা পেতে হলে বাংলাদেশকে সুনির্দিষ্ট প্রকল্প হাতে নিয়ে এগুতে হবে।"
ডেনমার্কের কোপেনহ্যাগেনে অনুষ্ঠেয় আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ সফর করছে ইইউ সংসদীয় প্রতিনিধি দল।
ইইউ এর উন্নয়ন বিষয়ক কমিটির আট সদস্যের এ প্রতিনিধি দল গত রোববার তিনদিনের সফরে বাংলাদেশে আসে। তাদের এ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা।
বাংলাদেশকে কতটা সহায়তা দিতে ইইউ আগ্রহী- এ প্রশ্নের জবাবে নিরজ বলেন, "এ মুহূর্তে আমরা এ ব্যাপারে কোন মন্তব্য বা অঙ্গীকার করতে চাই না। তবে এ সফরের অভিজ্ঞতা ও বাংলাদেশের চাহিদা আমরা ইইউ'র পার্লামেন্টে তুলে ধরব। বাংলাদেশকে কতটা সহায়তা দেওয়া হবে, সেখানেই তা ইইউ নির্ধারণ করবে।"
ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশের প্রতি দায়িত্ব ইইউ যথাযথভাবে পালন করবে এ আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে কিভাবে অতিরিক্ত সহায়তা দেওয়া যায় তা খতিয়ে দেখাই এ সফরের উদ্দেশ্য।
প্রতিনিধি দলের আরেক সদস্য জঁ ল্যাম্বার্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ বা সহায়তা আদায়ে আন্তর্জাতিক কূটনীতির ওপর গুরুত্ব
bdnews24