ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশোধন আইন, ২০০৯ বিল সংসদে উপস্থাপন করা হয়েছে। বিলে বোর্ডের সদস্য তিন জনের পরিবর্তে চার জন করার প্রস্তাব রাখা হয়েছে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে এ বিল উপস্থাপন করেন।
স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্যে শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন।
আগামী এক মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিকে বিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
সংশোধনী এ বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, এনসিটিবি অধ্যাদেশের সেকশন-৫ অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান ও নির্ধারিত শর্তে সরকার নিয়োজিত অপর তিন সদস্য নিয়ে বোর্ড গঠিত হয়। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ডে আলাদাভাবে প্রাথমিক শিক্ষাক্রম উইং ও সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদ সৃষ্টি করা হয়েছে। এ অধ্যাদেশের সেকশন-৫ সংশোধিত না হওয়ায় আইনানুগভাবে ওই পদাধিকারী বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালনের অধিকার লাভ করেননি।
প্রাথমিক শিক্ষাক্রমের সদস্যের বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতেই ১৯৮৩ সালের এনসিটিবি অধ্যাদেশের সংশোধন করে বোর্ডের সদস্য 'তিন' এর স্থলে চারজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড অর্ডিন্যান্স, ১৯৮৩ সংশোধনের জন্য 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (সংশোধন) আইন, ২০০৯ মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদনের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএইচসি/এএল/এসকে/২২০৭ঘ.
bdnews24