ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এবার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন দেশের ডায়াবেটিস রোগীরা।
টেলিমেডিসিন রেফারেন্স সেন্টার (টিআরসিএল) যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনট্রা হেলথ সিস্টেমের সহায়তায় এ সেবা চালু করেছে।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করে বলেন, এ সেবা দেশের স্বাস্থ্যখাতে নতুন ধারার সূচনা করবে।
টিআরসিএল প্রথম পর্যায়ে ঢাকার ধানমণ্ডি এবং চট্টগ্রামের জিইসি মোড়ের দুটি কেন্দ্রের মাধ্যমে এ সেবা দেবে।
এশিয়ায় এই প্রথম মোবাইলফোনের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের জন্য এ ধরণের সেবা চালু হলো বলে দাবি করেছেন টিআরসিএল'র কর্তাব্যক্তিরা।
সেবা কর্মসূচিটির নাম হবে 'ইনটেনসিভ ডায়াবেটিস ম্যানেজমেন্ট' (আইডিএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে টিআরসিএল কর্মকর্তারা জানান, এ সেবা গ্রহণকারীরা কল সেন্টারের মাধ্যমে দেশের বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসকদের কাছ থেকে সার্বক্ষণিকভাবে অনলাইনে স্বাস্থ্য সেবা পাবেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও জানান, গ্রাহকদের সাশ্রয়ী দামে বাড়িতে রক্তের গ্লুকোজ পরিমাপের জন্য ব্লু-টুথ গ্লুকোমিটার দেওয়া হবে। রোগ সংক্রান্ত তথ্য কল সেন্টারের কেন্দ্রে এবং অনলাইনে সংরক্ষণ করা হবে। রোগীরা মোবাইল ফোন এবং ব্লুটুথ গ্লুকোমিটার ব্যবহার করে রক্তে সুগারের পরিমাণ 'এমকেয়ার' কল সেন্টারে পাঠিয়ে তাৎক্ষণিক সেবা নিতে পারবেন।
জাতীয় অধ্যাপক এবং টেলিমেডিসিন রেফারেন্স সেন্টারের চেয়ারম্যান এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোইজ এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহবুব হোসেন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২১৫৫ঘ.
bdnews24