বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড স্টেটস্ ফুড এণ্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন'র (ইউএসএফডিএ) একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বাগেরহাটে চিংড়ি খামার ও পোনা উৎপাদন কেন্দ্র (হ্যাচারি) পরিদর্শন করেছেন।
প্রতিনিধিদলটি সদর উপজেলার বারাকপুরে অবস্থিত ব্র্যাক হ্যাচারি, ফকিরহাট উপজেলার ছাতিয়ানতলার বাগদা ও গলদা চিংড়ি খামার এবং ফকিরহাট ফিড মিলস্ (মৎস্য খাবার) কারখানায় যান।
প্রতিনিধি দলে ছিলেন- স্ট্যানলি সার্ফলিং, ক্রিস্টিন হেলিম্যান, কানিজ শিরিন ও ব্রেট কুনজ।
দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যাণ্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ হিমায়িত চিংড়ি রপ্তানিকারক সমিতি, বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারাও ছিলেন।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাশেদ জানান, প্রতিনিধি দলটি বৃহস্পতিবার পর্যন্ত খুলনা অবস্থান করবে। এ সময় তারা খুলনা ও বাগেরহাটের চিংড়ি হ্যাচারি, হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ, ডিপো, মৎস্য অবতরণকেন্দ্র, মাছের খাবার তৈরির কারখানা ও পোনার বাজার পরিদর্শনসহ শিশুশ্রমের বিষয়টি দেখবেন।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি'র (বিএফএফইএ) কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আব্দুল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউরোপে তারা চিংড়ি রপ্তানি সাময়িক বন্ধ রেখেছেন।
তিনি জানান, ইউরোপের চিংড়ির একটি চালানে মানবদেহের জন্য ক্ষতিকর নাইট্রোফুরানের উপস্থিতির কারণে সমিতি এ বছরের ১ জুন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ সময়ের মধ্যে সমস্যা সমাধান করে পরবর্তীতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24