২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ওষুধে 'ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ' লেখা থাকবে

এখন থেকে সরকারের কেনা ওষুধ নির্ধারিত অভিন্ন মোড়কে সরবরাহ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সরকারের কেনা ওষুধ নির্ধারিত অভিন্ন মোড়কে সরবরাহ করতে হবে। এছাড়া মোড়কে 'সরকার কর্তৃক সরবরাহকৃত' ও 'ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ' লেখা থাকতে হবে। মঙ্গলবার ওষুধ পরিদপ্তর আয়োজিত 'কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফ ফ ম রুহুল হক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউনিসেফের সহায়তায় আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দরিদ্রদের জন্য কেনা সরকারি ওষুধ অনেক সময় হাসপাতালের বাইরে চলে যায়। এটি বন্ধ করতে এখন থেকে যত ওষুধ কেনা হবে তা সরকারের নির্ধারিত মোড়কে সরবরাহ করতে হবে। এসব মোড়কে 'ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ' লেখা থাকতে হবে।" অনেক বড় কোম্পানি কমদামের ওষুধ তৈরি করতে চায় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, তারা যাতে কমদামের ওষুধ তৈরি করে সে জন্য একটি নীতি তৈরির কথা ভাবছে সরকার। নকল ও ভেজাল ওষুধ তৈরি এবং বিক্রি সম্পর্কে তিনি বলেন, "সঠিকভাবে ওষুধ তৈরি না করার অভিযোগে আমরা কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। খারাপ ওষুধ প্রস্তুতকারী সব প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া দরকার। এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ওষুধ পরিদপ্তরকে আরো শক্তিশালী করার চিন্তা-ভাবনা চলছে।" সরকার একটি ড্রাগ ল্যাবরেটরি স্থাপনের কথা ভাবছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো জানান, ওষুধের সঠিক ব্যবস্থাপনার স্বার্থে এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে। ফলে কোথায় কি পরিমাণ ওষুধ যাচ্ছে তা সবাই জানতে পারবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির রিডফার্মার ওষুধে ৩৩ শিশুর মৃত্যুর দায় প্রতিষ্ঠানটির ওপর দেন। তবে প্রশাসনের ব্যর্থতাও স্বীকার করে তিনি বলেন, "এক্ষেত্রে ওষুধ পরিদপ্তরেরও ব্যর্থতা রয়েছে। পত্রিকায় লেখালেখির পরও সেই ওষুধ বাজার থেকে তুলতে তাদের তিনমাস সময় লেগেছে।" বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা সাংসদ নাজমুল হোসেন ওষুধ শিল্পের মান নির্ধারণ ঠিক রাখতে নিয়ন্ত্রণ সংস্থাকে সবার আগে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। নকল ওষুধ তৈরি ও বিক্রয় ঠেকাতে শুধু মালিককে জেলে দিলেই সমাধান হবে না মন্তব্য করে তিনি বলেন, "যারা নকল কাঁচামাল বিক্রি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।" দেশে এখন আন্তর্জাতিক মানের কারখানায় ওষুধ উৎপাদিত হচ্ছে জানিয়ে নাজমুল বলেন, সরকারি সহযোগিতা পেলে এটি দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত হয়ে উঠতে পারে। ওষুধ পরিদপ্তরের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী ও ইউনিসেফের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি খালেদ এম হোসাইনও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসকে/