বেনাপোল (যশোর), নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ট্রাক শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় বন্দরের ২২ নম্বর গুদামের সামনে দ্রুত ট্রাক চালানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ট্রাক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
ওই ঘটনার জের ধরে সোমবার সকালে ভারতীয় ট্রাক শ্রমিকদের বাধার মুখে পণ্যবাহী ট্রাক চলাচল না করায় আমদানি-রপ্তানি কাজ বন্ধ হয়ে যায়।
সোমবার বিকেলে দুই বন্দরের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় মঙ্গলবার থেকে যথারীতি ট্রাক চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও শ্রমিকরা তা মানছে না।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সুপার এমএ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানি-রপ্তানি আজও (মঙ্গলবার) বন্ধ রয়েছে।"
এদিকে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।
বন্দরের উভয় পাশে পচনশীল পণ্যসহ শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০৯ ঘ.
bdnews24