মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের কঠোর বেড়াজাল সত্ত্বেও চট্টগ্রাম মহানগরীতে সমানে চলছে পাহাড় কাটা। স্থানীয় লোকজন বলছেন, দিনের চেয়ে রাতেই বেশি পাহাড় কাটা হচ্ছে। বিষয়টি স্বীকার করলেও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান দাবি করেছেন, এটা আগের চেয়ে কমেছে।
তবে পুলিশ বলছে, পাহাড় কাটা বন্ধ হয়ে গেছে এবং তারা কিছুই জানেন না।
গত দুইমাসে পাহাড় কাটার অপরাধে নগরীতে আটটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। অসংখ্য পাহাড় কাটার তুলনায় এ সংখ্যা নিতান্তই নগণ্য।
সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা, খুলশী-১ নম্বর সড়ক, খুলশী এলাকার ভিআইপি হাউজিং এলাকা, ইস্পাহানী পার্ক রোড, বায়েজীদ এলাকার গুলশান হাউজিংসহ লালখান বাজারের বিভিন্ন এলাকায় ব্যক্তি ও সরকারি মালিকানাধীন পাহাড় কাটা হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাড়াটিয়া সন্ত্রাসীদের তত্ত্বাবধানে সাধারণ দিনমজুর দিয়ে এ কাজ করা হচ্ছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পাহাড় কাটা রোধে বন ও পরিবেশপ্রতিমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে মালিকদের সরাসরি অভিযুক্ত করেই মামলা করা হচ্ছে।
এতে অভিযুক্ত ব্যক্তিরা পাহাড় কাটা থেকে বিরত রয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে তিনি বলেন, "আমরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করেছি। এগুলোর তদন্ত ও অপরাধীদের খুঁজে বের করার দায়িত্ব সংশ্লিষ্ট থানা পুলিশের।
"আমরা চাই, পাহাড় কাটা রোধে সবদিক থেকে সকল ব্যবস্থা নেওয়া হোক। পরিবেশ অধিদপ্তর মামলা করা ছাড়া আর কিছুই করতে পারে না।
মামলা হওয়ার পর দক্ষিণ খুলশী এলাকায় আর পাহাড় কাটা হচ্ছে না বলে দাবি করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ খুলশী এলাকায় ভিআইপি আবাসিক এলাকা লাগোয়া আনোয়ার চৌধুরী গংদের মালিকানাধীন পাহাড় কাটার সংবাদ লোকেমুখে শুনলেও এর কোন সত্যতা পাওয়া যায়নি।"
তবে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে প্রতিদিনই পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে বলেও তিনি দাবি করেন।
অথচ গত শুক্রবার রাতেও ওই পাহাড় কাটা হয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়টি উল্লেখ করলে থানা পুলিশ তা জানে না ওসি জানান।
নগরীতে পাহাড় কাটার কথা সবাই জানলেও পুলিশ ও প্রশাসন এমন ভাব করে যে তারা কিছুই জানে না- এ অভিযোগ করেছেন চট্টগ্রামের পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমানে পাহাড় কাটা হলেও দায়ের করা মামলার সংখ্যা খুবই কম।
পাহাড় কর্তনকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, "প্রশাসন কঠোর হলে অবৈধ পাহাড় কর্তন কোনভাবেই চলতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসএইচ/এমআই/১০৫৫ ঘ.
bdnews24