ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্যাকসিন আবিষ্কারের পরেই ব্যবসায়িক উদ্দেশে উন্নয়নশীলগুলোতে তা গছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দ মুদাচ্ছির আলী।
সোমবার রাজধানীর একটি হোটেলে "বিশ্ব নিউমোনিয়া দিবস ২০০৯" পালন উপলক্ষে আয়োজিত এক কর্মশালায়র তিনি আরও বলেন, "এসব ভ্যাকসিন আনার আগে এর পার্শ্ব প্রতিক্রিয়াও ভেবে নিতে হবে।"
নিউমোনিয়া প্রতিরোধে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সচেতেনতা দরকার উল্লেখ করে উপদেষ্টা জানান, ছয়মাস পর্যন্ত শিশুকে অবশ্যই মায়ের দুধ দিতে হবে। কোন সমস্যা হলে কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে।
কমিউনিটি ক্লিনিক বাস্তবায়ন হলে নিউমোনিয়া প্রতিরোধে তা অনেকটা সহায়ক হবে বলেও স্বাস্থ্য উপদেষ্টা দাবি করেন।
তিনি আরও বলেন, "আমাদের দেশে বর্তমানে সবকিছুই পণ্য হয়ে গেছে। এক সময় বিজ্ঞাপন থেকে শুরু করে সর্বত্র নারীদের পণ্য হিসেবে ভাবা হতো। এখন দেখা যাচ্ছে, চিকিৎসা সেবাও পণ্য হয়ে গেছে।"
উপদেষ্টা বলেন, "আমি সময় মতো পদক্ষেপ না নিলে সোয়াইন ফ্লু নিয়ে কমপক্ষে ২০০ কোটি টাকার ব্যবসা হয়ে যেতো।"
বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট ও চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন (সিএইচআরএফ) যৌথভাবে এ কর্শশালার আয়োজন করে।
এতে অন্যদের মধ্যে সাংসদ সাবের হোসেন চৌধুরী, পেড্রিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং সেভ দি চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মার্গারিট এইচ ক্লার্ক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. শহিদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/২৩০৯ ঘ.
bdnews24