ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ চারদিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেন এ আদেশ দেন।
রোববার হাইকোর্ট সম্পূরক তালিকা অন্তর্ভুক্ত করে বিএমএ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
৫ নভেম্বর এ নির্বাচন হওয়ার কথা।
গত ৫ অক্টোবর বিএমএ নির্বাচনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালীর ১০২টি সেন্ট্রাল কাউন্সিলর পদে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রার্থীদের নাম বাদ পড়ে। পরে করণিক ভুল হয়েছে দাবি করে ৬ অক্টোবর সম্পূরক তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় নতুন নাম যোগ বিধি বহির্ভূত দাবি করে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন বর্জন এবং আদালতে যাওয়ার ঘোষণা দেয়।
ড্যাব মনোনীত প্রার্থীদের একজন ডা. আনিসুল হক ৬ অক্টোবর সম্পূরক তালিকার ভিত্তিতে নির্বাচনে নিষেধাজ্ঞার জন্য নিু আদালতে আবেদন করেন। তবে আদালত তার এ আবেদন খারিজ করে দেন।
এর বিরুদ্ধে আনিসুল হক রোববার হাইকোর্টে আরেকটি আবেদন করলে হাইকোর্ট সম্পূরক তালিকা অন্তর্ভুক্ত করে নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দেয়।
সরকার পক্ষে আপিল বিভাগের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আনিসুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এএল/এসকে/২০০১ঘ.
bdnews24