ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক মাসে রাজধানীর ধানমণ্ডি, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় পৃথক ঘটনায় তিন প্রতিষ্ঠানের ৮০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
তিন ছিনতাইয়ের ঘটনাই ঘটেছে প্রকাশ্য দিবালোকে, একইভাবে এবং প্রায় একই সময়ে (দুপুর বেলা)। এর মধ্যে দু'টি ছিনতাই হয় ধানমণ্ডির এইচএসবিসি ব্যাংক থেকে টাকা তোলার পর।
টাকা নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের ফটকে ঢোকার মুখে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীদের বাহন ছিল মোটরসাইকেল।
সর্বশেষ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির সাতমসজিদ রোড থেকে 'এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন্স' নামে একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে অফিসের ভূগর্ভস্থ পার্কিংয়ে ঢোকার মুখে। প্রতিষ্ঠানের কর্মচারীরা ধানমণ্ডির এইচএসবিসি ব্যাংক থেকে টাকা তুলে অফিসে ফিরছিলেন।
এর আগে গত ১৮ অক্টোবর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে 'নিটেক্স ড্রেসেস লিমিটেড' গার্মেন্টস এর কর্মচারীরা দুপুর ২টার দিকে মতিঝিলের একটি ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে অফিসে ঢোকার মুখে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় অফিসের দারোয়ান রুহুল আমিন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
এর আগে গত ৫ অক্টোবর বেলা ১২টায় এইচএসবিসি ব্যাংকের ধানমণ্ডি শাখা থেকে ৩০ লাখ টাকা তুলে জেসন গ্র"পের চার কর্মকর্তা-কর্মচারী গাড়িতে করে মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার অফিসে ফেরার পথে অফিসের ফটকে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা এক কর্মী ও গাড়ি চালককে গুলি করে টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সোমবার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ধানমণ্ডি ১৫ নম্বর কেয়ারি প্লাজার পার্কিং লটে ছিনতাইকারীরা গুলি করে এ টাকা নিয়ে যায়। এশিয়া প্যাসিফিকের দুই কর্মচারী মো. লিটন ও নাসিরউদ্দীন বাবুল ধানমণ্ডি ২৭ নম্বরের এইচএসবিসি ব্যাংকের শাখা থেকে টাকা তুলে কেয়ারি প্লাজার পাঁচতলায় অফিসে যাচ্ছিলেন।
লিটন ও নাসিরউদ্দীন বাবুল জানান, তারা একটি মাইক্রোবাসে ব্যাংক থেকে টাকা তুলে গাড়ি থেকে নামা মাত্রই সন্ত্রাসীরা প্রথমে লিটনের বুকে অস্ত্র তাক করে। এসময় বাবুলও গাড়ি থেকে নামেন। তখন ছিনতাইকারীরা ফাকা গুলি ছোড়ে। পরে তারা লিটনের কাছ থেকে ২৫ লাখ ও বাবুলের কাছে থাকা ৫ লাখ টাকার দু'টি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচবাবদ ওই অর্থ ব্যাংক থেখে তোলা হয়েছিল। তবে অর্থ পরিবহনের সময় তারা পুলিশের সাহায্য চাননি।
লিটন তার হাতে গুলি লেগেছে বলে দাবি করলেও ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, সেটি অন্য কোনও আঘাতের দাগ। তার হাতে গুলি লাগেনি।
গাড়ির চালক ইলিয়াস জানান, তার গাড়িকে কেউ মোটরসাইকেলে অনুসরণ করছে কি-না তা তিনি লক্ষ্য করেননি। তবে দু'টি মোটরসাইকেল যোগে চারজনকে পালাতে দেখেছেন তিনি।
পুলিশ কর্মকর্তা শাহ আলম জানান, একটি সংঘবদ্ধ চক্র এ ছিনতাইয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য লিটন, বাবুল ও গাড়িচালক ইলিয়াসকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুঁইয়া মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদপুর এলাকায় পরপর দু'টি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরাই ধানমণ্ডিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে ধানমণ্ডি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এইচএসবিসি ব্যাংকের ধানমণ্ডি শাখার ব্যবস্থাপক প্রশান্ত সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই শাখায় ৩০ লাখ টাকার একটি চেক নগদ করতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। আমরা সবসময়ই গ্রাহকদের মোটা অংকের অর্থ তোলার সময় নিরাপত্তার বিষয়ে সতর্ক করে দিই।"
তবে এইচএসবিসি ব্যাংকের ভেতর থেকেই কেউ মোটা অংকের টাকা তোলার তথ্য ছিনতাইকারীদের পাচার করে দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এটা কখনোই সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24