সুনামগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলমহালের দখল নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সোমবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- ওয়াতির মিয়া (৪৫), সেলিম মিয়া (২৮), রাজু মিয়া (২২), শাহিনুর মিয়া (২৮), মোজাহিদ আলী (৪৫), সিরাজুল হক (৫২), ফখরুল ইসলাম (৫০), করনেল মিয়া (৩২), ছাতির মিয়া (৫৫), লেবু মিয়া (৩০), আশিক মিয়া (৩৫), ইবাদ মিয়া (৩০), মাসুক মিয়া (৩৪), নাছির মিয়া (২০), ফারুক মিয়া (২০)।
তাৎক্ষণিক অপর আহতদের পরিচয় জানা পাওয়া যায়নি।
দিরাই থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটায় উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
ওসি জানান, গ্রামের মতছির মিয়া ও নূরু মিয়ার লোকদের মধ্যে ওই এলাকার বৈশাখী কুরুং জলমহাল নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি নিজাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24