২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের জামিন বহাল

চাঁদাবাজির চারটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তবে আরও মামলা থাকায় তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদাবাজির চারটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তবে আরও মামলা থাকায় তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। সোমবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা নিয়মিত আপিল আবেদনটি খারিজ করে দেয়। পাশাপাশি মামুনের জামিন স্থগিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশও বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে কর ফাঁকির একটি মামলায় মামুনের জামিন স্থগিতের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে আপিল বিভাগ। গত ২০ অক্টোবর মামুনকে এ মামলায় জামিন দেয় হাইকোর্ট। এরপর ২৬ অক্টোবর এ মামলায় মামুনের জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচার পতি। ৮ অক্টোবর চাঁদাবাজির চার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মামুন। ১১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি জামিন আদেশে স্থগিতাদেশ দিয়ে ওই সময়ের মধ্যে সরকার পক্ষকে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দেন। আদেশের পর মামুনের কৌঁসুলি ব্যারিস্টার রফিক-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের এ আদেশের ফলে মামুনের জামিন বহাল থাকল।" সরকার পক্ষে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল একে এম জহিরুল হক বলেন, "মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মৃত্যুর ভয় দেখিয়ে তিনি এসব চাঁদা নিয়েছেন।" ২০০৭ সালের ৩০ জানুয়ারি মামুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এফএফ/জিএনএ/১৩২২ ঘ.