২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প রক্ষায় সবাইকে ধৈর্যশীল হতে হবে: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে বলেছেন, সারাবিশ্বে একটি মন্দা পরিস্থিতি মোকাবেলা করছে পোশাক শিল্প। এই খাতকে রক্ষা করতে হলে সবাইকে ধৈর্যশীল হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে বলেছেন, সারাবিশ্বে একটি মন্দা পরিস্থিতি মোকাবেলা করছে পোশাক শিল্প। এই খাতকে রক্ষা করতে হলে সবাইকে ধৈর্যশীল হতে হবে। রোববার রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাটেক্সপো গার্মেন্টস শ্রমিক মেলায় মন্ত্রী একথা বলেন। বিজিএমইএ এই মেলার আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সীমিত সম্পদের এই দেশে আপনাদের (শ্রমিকদের) সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। এজন্য সবার সাহায্য-সহযোগিতা প্রয়োজন। গার্মেন্টস নিয়ে যাতে কোনো অস্থিতিশীলতার সৃষ্টি না হয়, সে দায়িত্ব আপনাদেরও নিতে হবে।" টঙ্গীতে শনিবারের সহিংসতার প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, "টঙ্গীতে যে ঘটনা ঘটেছে এবং সেখানে নিহতের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পনের দিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী এবং বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট উপভোগ করেন কয়েক হাজার শ্রমিক। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মমতাজ, ফকির আলমগীর, মিলা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩০০ ঘ.