২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিগগিরই প্রাথমিকের শিক্ষকদের শূন্য পদ পূরণ করা হবে'

শিগগিরই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ করা হবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে একজন করে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 06:53 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

ঝালকাঠি, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ করা হবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে একজন করে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন।

ঝালকাঠি সার্কিট হাউজে শনিবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি। তাই সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"

তিনি জানান, সারাদেশে এবার ২০ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো হলেও এর ব্যতিক্রম হচ্ছে কোনো শিক্ষা বোর্ড নেই।

জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্করের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, প্রাথমিক শিক্ষা বরিশালের উপ-পরিচালক এস এম ফারুক, জেলা শিক্ষা অফিসার মো. সাইদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ২১ নভেম্বর থেকে ঝালকাঠি জেলার চার উপজেলায় মোট ৯৮২৩ জন শিক্ষার্থী জেলার ৩৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৫০ ঘ.