২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি দরপত্র: শর্ত নিয়ে অসন্তোষ, সময় বাড়ানোর দাবি

বেসরকারি খাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় আহূত দরপত্রের সময়সীমা নির্ধারিত সময় থেকে ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছে বন্দর ব্যবহারকারী ফোরাম। শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারী ফোরামের এক সভায় এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি খাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় আহূত দরপত্রের সময়সীমা নির্ধারিত সময় থেকে ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছে বন্দর ব্যবহারকারী ফোরাম। শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারী ফোরামের এক সভায় এ দাবি জানানো হয়। সিসিটি'র বর্তমান দরপত্রের শর্তাবলী নিয়েও সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। চেম্বার সভাপতি ও বন্দর ব্যবহারকারী ফোরামের আহবায়ক সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে সভায় ফোরামের সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন। পূর্ব সময়সূচি অনুযায়ী সিসিটি'র নতুন দরপত্র গ্রহণের কথা ছিল ১ নভেম্বর। মন্ত্রণালয়ের নির্দেশে এখন তা পিছিয়ে ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিকে, সিসিটি'র দরপত্রের শর্তাবলীতে সংশোধন, বিয়োজন ও সরলীকরণের ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ সালামকে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সিসিটি'র বর্তমান দরপত্রের শর্তাবলী খতিয়ে দেখে যাতে বেশিসংখ্যক ঠিকাদার দরপত্রে অংশ নিতে পারেন এবং তাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় তেমন একটি প্রতিবেদন তৈরি করার পর তা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে জমা দিবে। সভায় বন্দর ব্যবহারকারী ফোরামভুক্ত বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, বর্তমানে সিসিটি'র দরপত্র দলিল এমনভাবে প্রনয়ণ করা হয়েছে, যাতে সাতজনের বেশি কোন বার্থ অপারেটর অংশ নিতে না পারেন। সভায় বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সরওয়ার হোসেন সাগর সিসিটি'র দরপত্র দলিলকে অস্বচ্ছ ও কোটারি স্বার্থের সহায়ক উল্লেখ করে বলেন, "সিসিটি'র জন্য নতুন করে ডাকা প্রথমবারের দরপত্রের শর্তে বন্দরের জাহাজ থেকে কন্টেইনার ওঠা-নামার কাজে অভিজ্ঞতা সম্পন্ন বার্থ অপারেটরদের দরপত্রে অংশ গ্রহণের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল।" তিনি অভিযোগ করেন, "এখন ওই দরপত্র গ্রহণের তারিখ ১ নভেম্বর থেকে ৫ নভেম্বরে পেছানো হয়েছে এবং নতুন করে দরপত্রের শর্ত এমনভাবে সাজানো হয়েছে যাতে ৬-৭ জনের বেশি বার্থ অপারেটর এতে অংশ নিতে না পারে।" তিনি বলেন, "আগের শর্তে সব বার্থ অপারেটরের সিসিটি'র দরপত্রে অংশ নেওয়ার সুযোগ ছিল।" তাকে সমর্থন করে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী অভিযোগ করেন, বন্দর এখন ১০-১২ জন বার্থ অপারেটরের কাছে জিম্মি হয়ে পড়েছে। এর আগে সিসিটি পরিচালনার জন্য দু'টি দরপত্র মূল্যায়ন ও অনুমোদনের পর বাতিল করা হয়েছিল। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পাঁচশ' পাঁচ টাকা (প্রতি কন্টেইনার) দরে সিসিটি'র সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এএল/এসএইচ/২৩২৬ ঘ.