২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের দুবলায় তিনদিনের রাস উৎসব শনিবার শুরু

সুন্দরবনের দুবলা এলকায় তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা শুরু হচ্ছে শনিবার থেকে। মেলা উপলক্ষে সুন্দরবন জুড়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী ও পূণ্যার্থীদের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের দুবলা এলকায় তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা শুরু হচ্ছে শনিবার থেকে। মেলা উপলক্ষে সুন্দরবন জুড়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী ও পূণ্যার্থীদের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যাতে হরিণ শিকার না হয় সেজন্য সুন্দরবন বিভাগ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলার আলোর কোল চরে দু'শ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত সনাতন ধর্মাবলম্বীদের হলেও রাস উৎসব পরিণত হয়েছে বাঙালির লোক ঐতিহ্যে। হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এই মেলায় অংশ নিয়ে থাকে। বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠেছে এই মেলা। মেলার শেষদিন সোমবার ১৮ কার্তিক ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গোসাগরে পূণ্যস্নানে অংশ নেবেন পূণ্যার্থীরা। রাস উৎসব উপলক্ষে প্রতি বছর আলোর কোলে অস্থায়ী ভিত্তিতে একটি মণ্ডপ তৈরি করা হয়। এই মণ্ডপে দরবেশ গাজী কালু এবং বনবিবির পুজা হয়ে থাকে। সুন্দরবন বিভাগের কর্মকর্তারা জানান, রাস মেলায় আগতদের জন্য সুন্দরবন বিভাগ মোট আটটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। দর্শনার্থীরা যে নৌপথ দিয়ে মেলায় প্রবেশ করবেন সেই পথ দিয়েই তাকে মেলা শেষে ফিরে যেতে হবে। শনিবার ভোর থেকে দর্শনার্থী ও পূণ্যার্থীরা বনে প্রবেশের সুযোগ পাবেন। তিনদিনের জন্য প্রত্যেক দর্শনার্থীকে সুন্দরবন বিভাগকে ৫০ টাকা রাজস্ব দিতে হবে। এছাড়া তাদের ব্যবহৃত নৌযানের জন্যও দিতে হবে রাজস্ব। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস মেলায় আগতদের নিরাপত্তার জন্য সুন্দরবন পশ্চিম বিভাগের সব ক্যাম্প ও স্টেশনকে বিশেষভাবে সতর্ক রাখা হয়েছে। পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বনকর্মীদের পাশাপাশি বিডিআর সদস্যরা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন। সুন্দরবন পূর্ব বিভাগের ক্যাম্প ও স্টেশনগুলোর পাশাপাশি বনরক্ষীদের ১৬টি টহল দল থাকবে। দর্শনার্থীদের সেবায় থাকবে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা দল। এছাড়া দুবলা এলাকায় পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি থাকবে খুলনার র‌্যাব-৬ এর একটি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.