ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চর মোনাইয়ের পীর) প্রস্তাবিত শিক্ষানীতির তীব্র সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগ সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে তা বাস্তবায়িত হলে এ দেশে ইসলাম থাকবেনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে প্রস্তাবিত শিক্ষানীতি বাতিল ও সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শুক্রবার এক জনসভায় তিনি এ মন্তব্য করেন বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
রাজধানীর মুক্তাঙ্গনের বিকেলের ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, কুরআন শিক্ষার কোন ব্যবস্থা প্রস্তাবিত শিক্ষানীতিতে নেই। যার ফলে এ দেশে শেলফে কুরআন শরীফ থাকবে কিন্তু কুরআনের তেলাওয়াতকারী থাকবেনা। মসজিদ থাকবে মুসল্লি থাকবেনা।
তিনি আরো বলেন, বর্তমান শিক্ষানীতি বাস্তবায়িত হলে মসজিদ-মাদ্রাসার কোনটি দর্শনীয় স্থান হিসেবে ঘোষণা দিয়ে পর্যটন কপোরেশনের হাতে তুলে দেওয়া হবে। বাকী মসজিদ-মাদ্রাসা ভেঙে ললিতকলা শিক্ষার জন্য হয়ত জমি বরাদ্দ দেওয়া হবে।
আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত শিক্ষানীতি মোটেই ইসলাম বিরোধী নয়। বরং এবারই প্রথম ইসলামী শিক্ষার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হযেছে।
সভায় 'দেশের সম্পদ রক্ষার দাবিতে' আগামী ৬ নভেম্বর শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৯২৫ঘ.
bdnews24