২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে শুক্রবার সকালে টাকা লেনদেন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সাতজন টেটাবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

হবিগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে শুক্রবার সকালে টাকা লেনদেন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সাতজন টেটাবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৯ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আক্কাস উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আলমপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ মিয়ার ছেলে জুয়েল মিয়াকে (১৫) একই গ্রামের কদর আলীর ছেলে হান্নান (২৭) ছয় মাস আগে মাসিক একশ' টাকা সুদে এক হাজার টাকা ঋণ দিয়েছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে হান্নান সুদসহ জুয়েলের কাছে টাকা ফেরত চান। জুয়েল কয়েক দিন সময় চায়। এরপর হান্নান তাকে মারধর করে। খবর পেয়ে জুয়েলের আত্মীয়-স্বজন এগিয়ে এলে হান্নানের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসপি জানান, প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন সালাউদ্দিন (১৫), মান্নান (৩০), হান্নান (২৭), সজিব (১২), আজিজ (২৫), আনু মিয়া (৩০) ও কদর আলী (৬০)। বাকিরা লাঠি এবং অন্য ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। টেটাবিদ্ধ সাতজনসহ ২৯ জনকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় আজিজ ও মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.