ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তাকে রাজধানীর মালিবাগ সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একটি জিপে কঠোর নিরাপত্তার মধ্যে বাবরকে নিয়ে যাওয়া হয়। কারা ফটক থেকে গাড়িটিকে কঠোর নিরাপত্তার মধ্যে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সাবেক প্রতিমন্ত্রী বাবরকে ১ নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডে নিতে নিু আদালতের আদেশ স্থগিত করা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ স্থগিত করেন।
আপিল বিভাগের চেম্বার জজের আদেশের পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মহানগর মূখ্য হাকিম এহসানুল হক বাবরকে রিমান্ডে নেওয়ার তার পূর্ববর্তি আদেশ প্রত্যাহার করেন ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন।
২১ আগস্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24