২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে উত্তেজনার মধ্যে পৌর বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন

নারায়ণগঞ্জে বিএনপির দু'পক্ষের টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার পৌর কমিটির পাল্টাপাল্টি সম্মেলন হয়েছে। গত কয়েক দিন যাবত পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে বিএনপির দু'পক্ষের টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার পৌর কমিটির পাল্টাপাল্টি সম্মেলন হয়েছে। গত কয়েক দিন যাবত পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। ৩১ অক্টোবর শহরে আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে পৌর কমিটি দ্বি-বার্ষিক সম্মেলন আহবান করা হয়। একই দিন শহীদ জিয়া হলে পাল্টা সম্মেলন আহবান করে বিদ্রোহী কমিটি। পরে দু'পক্ষই ২৯ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করে। শহরের আলী আহম্মদ পৌর মিলনায়তনে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামালউদ্দিন কালুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুজ্জামান খান খসরু, নূরজাহান মাহবুব, সদর উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা এম এ মজিদ, জাকির হোসেন প্রমুখ। পৌর বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম সভাপতি ও হাসান আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দি^তায় নির্বাচিত হন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে এটিএম কামাল, সরকার হুমায়ূন কবীর ও সুরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলার গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে ভোটের ফল এখন পর্যন্ত জানা যায়নি। সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার বলেন, "আমাদের পৌর কমিটির সম্মেলনকে বানচাল করার জন্য হামলার নাটক সাজিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে এই সম্মেলন আয়োজনের মাধ্যমে নেতাকর্মীরা ষড়যন্ত্রের জবাব দিয়েছে।" তিনি বলেন, দলের ভেতরে অরাজকতা সৃষ্টি করতে বিশেষ মহলের ইন্ধনে পাল্টা কমিটি গঠন করে একটি চক্র অপতৎপরতা চালাচ্ছে। অন্যদিকে শহরের মিশনপাড়ায় হোসিয়ারী সমিতি মিলনায়তনে বিদ্রোহী পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাহার হোসেন শামসু। সম্মেলনে নুরুল ইসলাম সরদারকে সভাপতি, সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক ও আবু আল ইউসুফ খান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা পৌর কমিটি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.