২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুদিনের কঠিন চীবর দান উৎসব শুরু

বেইন ঘর ও চরকায় সূতা কাটার উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৃহস্পতিবার থেকে রাঙামাটির রাজ বন বিহারে দুদিনের এই উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

রাঙামাটি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেইন ঘর ও চরকায় সূতা কাটার উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৃহস্পতিবার থেকে রাঙামাটির রাজ বন বিহারে দুদিনের এই উৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের আনাগোনায় রাঙামাটি শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় এই ধর্মীয় আচারের প্রবর্তিত হয়। ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। ধর্মীয় মতে, এই পদ্ধতিতে চীবর দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয়। তাই এই নিয়ম অনুসারে মাত্র ২৪ ঘন্টার মধ্যে আদিবাসী নারীরা জুমে উৎপাদিত তুলা থেকে চরকায় সূতা কেটে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে কাপড় তৈরির পর সেলাই ও রঙ করে চীবর তৈরি করেন। এই চীবর আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজ বন বিহারের পাশের বেইন ঘরে চীবর তৈরির কাজ শুরু হয়েছে। মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমণ্ডলী প্রথমে মঙ্গলসূত্র পাঠ করেন। পরে চাকমা সার্কেল এর রাজা দেবাশীষ রায় ফিতা কেটে উদ্বোধন করেন বেইন ঘর। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হবে। রাজা দেবাশীষ রায় চীবর তৈরির আনুষ্ঠানিকতা উদ্বোধনের সময় বলেন, এবারের কঠিন চীবর দানোৎসবে থাইল্যান্ডের রাজা চীবর পাঠিয়েছেন বনভান্তেকে দান করার জন্য। পাশাপাশি থাইল্যান্ড থেকে সাধক ভিক্ষুরা যোগ দিচ্ছেন। তিনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন। চীবর দান উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা আসতে শুরু করেছেন রাঙামাটিতে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসব ঘিরে বন বিহারের আশপাশে বসেছে মেলা। মেলায় রকমারী জিনিসপত্র, খাবারসহ নানান জিনিসের পসরা বসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.