ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ওয়াশিংটন, টোকিও এবং সৌদি আরবে বাংলাদেশ মিশনে ইকোনমিক মিনিস্টার নিয়োগ দিয়েছে। এছাড়া একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব নিয়োগ দেওয়া হয়।
এদের মধ্যে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ওয়াহিদ হোসেনকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ও রপ্তানি উন্নযন ব্যুরোর মহাপরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব একেএম মানজুরুল হককে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার নিয়োগ করা হয়েছে।
আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) উপ-পরিচালক মিজানুর রহমানকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার নিয়োগ করা হয়।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা হলেন, প্রশাসনের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুর রব খান (এআর খান)। তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২২০০ ঘ.
bdnews24