২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিথার হত্যা মামলায় আদালতে হিরুর জবানবন্দি

খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফেরদৌস হোসেন হিরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

খুলনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফেরদৌস হোসেন হিরু। ১৬৪ ধারায় দেওয়া এই জবানবন্দিতে হিরু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খুলনা মহানগর হাকিম স্বপন কুমার সরকার হিরুর জবানবন্দি নেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মামুন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরুকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে নেওযা হয়েছিল। বুধবার জিজ্ঞাসাবাদের প্রথমদিন হিরু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। তাই তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত জবানবন্দি নেওয়ার পর হিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামুন খান জানান। কেএমপির সহকারী কমিশনার (গোয়েন্দা) মো. আবু সাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরু হত্যাকাণ্ডের ব্যাপারে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন। হিরুকে সোমবার নাটোর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ বছরের ১১ জুলাই রাতে নগরীর মুসলমান পাড়ায় বাসার কাছে সন্ত্রাসীরা গুলি করে বিথারকে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.