ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আর কোনও দিন মঙ্গা হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অক্টোবর মাসের শেষেও এখন পর্যন্ত দেশে মঙ্গার কোনও লক্ষণ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি। আর কোনও দিনও দেশে মঙ্গা হবে না।"
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, আঞ্চলিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ফসল কাটার সঙ্গে সঙ্গে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, "খুব তাড়াতাড়ি কাবিখা (কাজের বিনিময় খাদ্য) কর্মসূচি শুরু করা হবে। এবার অতীতের চেয়ে বেশি দেওয়া হবে-এটা নিশ্চিত।"
নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, আঞ্চলিক খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সার্ক সম্মেলনেও আরও সিদ্ধান্ত আসবে।
সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতন রয়েছে জানিয়ে তিনি বলেন, "আঞ্চলিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধান্ত হচ্ছে। পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে অপারেটিং বিষয়ে আলোচনা হচ্ছে। আশা করি, সুন্দর একটি ব্যবস্থা গড়ে তুলতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএইচসি/পিসি/জিএমএ/এসএইচ/২০০৬ ঘ.
bdnews24