দিনাজপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আদিবাসীদের দু'দিনের গণ পদযাত্রা বৃহস্পতিবার দিনাজপুরে শেষ হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের ডাকে জেলার বীরগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর শহর পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে এই পদযাত্রা কর্মসূচি উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর ও দিনাজপুরে একযোগে শুরু হয়।"
বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট থেকে সকাল ১১ টায় আদিবাসীদের এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বীরগঞ্জের গোলাপগঞ্জ হাট ও উপজেলা সদর হয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিনাজপুরে আসে। বুধবার সন্ধ্যায় পদযাত্রাটি দিনাজপুর সদর উপজেলার দশমাইল এলাকায় বিরতি দেয়। পদযাত্রায় অংশ নেওয়া আদিবাসীরা সেখানে রাত যাপন করেন।
দুপুর ১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে পদযাত্রা শেষ হয়। এরপর এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, দিনাজপুর জেলা গণতন্ত্রী পার্টির আহ্বায়ক রফিক চৌধুরী, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, সিপিবি'র আলতাফ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সরেন, গনেশ সরেন প্রমুখ।
সমাবেশের আগে আদিবাসী নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে আদিবাসীদের নির্যাতন, হত্যা, ভূমি দখল, মিথ্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24