ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় মতিঝিল থানার সাবেক ওসি এ কে এম রফিকুল ইসলামকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ রফিকের আবেদনে জামিন মঞ্জুর করে।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর জাসদ সমর্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোমিনকে তাদের ইব্রাহিমপুরের বাসার সামনে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের বাবা আবদুর রাজ্জাক কাফরুল থানায় ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এ মামলায় নিু আদালতে আত্মসমর্পণ করলে ২০০৫ সালের ১৬ অক্টোবর রফিককে কারাগারে পাঠানো হয়।
ঢাকার তৃতীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল রফিকসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বর্তমানে মামলাটি ওই আদালতে বিচারাধীন। এ মামলায় গ্রেপ্তার রফিকসহ চারজন কারাগারে রয়েছে। পলাতক রয়েছে পাঁচজন।
বৃহস্পতিবার ওসি রফিকের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সরকার পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএইচ/১৮৪৩ ঘ.
bdnews24