২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে কোনও সমঝোতা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে কোনও সমঝোতা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। দুপুরে বিআরটিসি, নসিমন-করিমন ও ভটভটি বন্ধ না করার দাবিতে শহরে মিছিল-সমাবেশ করেছে নাগরিক অধিকার আদায় কমিটি। এই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে কমিটি। ধর্মঘটের কারণে রাষ্ট্র মালিকানার বিআরটিসি বাস ছাড়া আরও কোনও গাড়ি চলছে না। সোনামসজিদ স্থলবন্দরে আটকা পড়েছে আমদানি পণ্যবাহী শত শত ট্রাক। বিআরটিসি বাস এবং নসিমন-করিমন ও ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাক দেয় জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতি। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন মোড়ে পরিবহন শ্রমিকরা পিকেটিং করে। বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন রয়েছে। কেবল পুলিশ পাহারায় বিআরটিসি'র বাসগুলো শহর ছেড়ে যায়। শহরের বিশ্বরোড মোড়ে মটর শ্রমিকরা জেলার বাইরে থেকে আসা ট্রাক চলাচলে বাধা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জ মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম শেলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি এবং মটরশ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠক হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।" তিনি আরও বলেন, "প্রশাসন দাবি মেনে নেওয়ার কথা বললেও রাস্তায় সব ধরনের অবৈধ যান চলাচল করছে। এসব বন্ধ করা না হলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।" জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হবে। এদিকে দুপুরে বিআরটিসি বাস এবং নসিমন, করিমন ও ভটভটি বন্ধ না করার দাবিতে নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে শহরের পৌর পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন- তরিকুল আলম, রিমন রহমান, বাহারাম আলী, খলিলুর রহমান প্রমুখ। তারা বলেন, যাত্রীসেবার মানের কারণে বিআরটিসি দ্বিতল বাস জনপ্রিয়। ব্যক্তি মালিকানাধীন পরিবহন সেবার মান উন্নত না করে মালিকরা অযৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘট করছে। বক্তারা বলেন, নসিমন, করিমন ও ভুটভুটি গরুর গাড়ির বিকল্প হিসাবে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। সহজে কৃষি পণ্য পরিবহন ও প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের বিকল্প হিসাবেও এসব যান বিশেষ ভূমিকা রাখছে। বিকল্প ব্যবস্থা করা ছাড়া এসব যন্ত্রযান চলাচল নিষিদ্ধ না করার জন্য জেলা প্রশাসকের প্রতি তারা আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৭৫৯ ঘ.