২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বকেয়া বেতন প্রদান ও বন্ধ কারখানা চালু করার দাবিতে আন্দোলনরত একদল শ্রমিকের সঙ্গে বৃহস্পতিবার পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন প্রদান ও বন্ধ কারখানা চালু করার দাবিতে আন্দোলনরত একদল শ্রমিকের সঙ্গে বৃহস্পতিবার পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে আশুলিয়ার ফাউনটেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার প্রায় ২০০ শ্রমিক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাাকে। ১০টার দিকে শ্রমিকরা টঙ্গি-আশুলিয়া সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। আশুলিয়া থানার ওসি মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ শ্রমিকদের সড়ক থেকে হঠাতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। তখন পুলিশও লাঠিপেটা করে। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন বলে ওসি জানান। স্থানীয়রা বলছেন, এ সংখ্যা ২৫। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ওসি বলেন, শ্রমিকদের ছোড়া উটে কনস্টেবল তাজুল ইসলামের মাথা ফেটে গেছে। দুই পক্ষের সংঘর্ষে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ওসি জানান, শ্রমিকরা ৫/৬ টি গাড়িও ভাংচুর করে। ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। দুপুর ১২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক। এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত ৮ অক্টোবর শ্রমিকদের তিন মাসের পাওনা বকেয়া রেখেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪৫ ঘ.