ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে ১৫ বছর। এ মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয়মাস আগে পুনঃনিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।
এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ শাস্তির বিধান রেখে জাতীয় পরিচয় নিবন্ধন আইন- ২০০৯ বিল সংসদে উপস্থাপন করা হয়েছে।
বুধবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে এ বিল উপস্থাপন করেন।
স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। কমিটিকে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন পেশ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
জাতীয় পরিচয়পত্র জালিয়াতির জন্য অনূর্ধ্ব সাত বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে উত্থাপিত এই বিলে। এ ছাড়া ইসির কোনো কর্মকর্তা বা কর্মচারী জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তার জন্যও এই শাস্তির বিধান রয়েছে। তবে কোনো ব্যক্তি তথ্য নষ্ট বা বিকৃত করলে তার জন্যে দুই বছরের কারাদণ্ড বা ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
বিলে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র তৈরি, বিতরণ ও রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে।
ভোটার তালিকা আইন অনুযায়ী, ভোটারযোগ্য নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র দেওয়ার দিন থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয়মাস আগে পুনঃনিবন্ধনের জন্য নির্ধারিত ফি ও পদ্ধতিতে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে।
বিলে বলা হয়েছে, ইসির কাছে আবেদনের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজনে ফি দিয়ে সংশোধন করা যাবে। তবে পরিচয়পত্রে ইসি ভুল করলে ফি ছাড়াই শুধু আবেদন করে তা সংশোধন করার সুযোগ রয়েছে।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নির্ধারিত ফি দিয়ে আবেদন সাপেক্ষে নতুন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে বলে বিলে উল্লে
bdnews24