২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোনো মোবাইল অপারেটর লাইসেন্স পাবে না: রাজু

দেশে নতুন করে কোনো মোবাইল অপারেটরকে লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন করে কোনো মোবাইল অপারেটরকে লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। রাজিউদ্দিন রাজু বলেন, "দেশে আর কোনো মোবাইল অপারেটরকে লাইসেন্স দেওয়া হবে না। বর্তমানে ছয়টি মোবাইল ফোন অপারেটর সেবা দিয়ে যাচ্ছে। তবে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে। যাতে টেলিটক দেশের এক নম্বর মোবাইল অপারেটরে পরিণত হয়।" তিনি আরও জানান, ছয়টি মোবইল টেলিফোন কোম্পানির বর্তমানে গ্রাহক সংখ্যা ৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার। এরমধ্যে সরকারি মালিকানাধীন টেলিটকের (বিটিসিএল) গ্রাহক সংখ্যা ৯ লাখ ১৭ হাজার। অন্যান্য মোবাইল কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ, সারাদেশে নতুন ক্যাবল ও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন, আন্তর্জাতিক টেলিফোন, ইন্টারনেট এক্সচেঞ্জ স্থাপনসহ বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাংসদ এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া, ইতালি, স্পেনসহ আরও ১৮টি দেশে টেলিটক রোমিং সুবিধা দেবে। টেলিটক বিশ্বের ৩৮টি দেশে গ্রাহকদের রোমিং সুবিধা দিচ্ছে। ইতোমধ্যে সৌদি আরবে রোমিং সুবিধা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, টেলিটক ২০০৫ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭৯৯ কোটি ৭৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে। শেখ আফিলউদ্দিনের এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন রাজু বলেন, উন্নত প্রযুক্তি, ইন্টারনেট সার্ভিস এবং কম কলরেটের কারণে দেশের বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে বিটিসিএল প্রতিযোগিতায় পেরে উঠছে না। এর গ্রাহক সংখ্যা কমছে। এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ১৯৯২ সালে চালু হওয়া ম্যাগনেটিক কার্ডফোন সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন কোম্পানির ল্যান্ড এবং সেলুলার টেলিফোন সার্ভিসের ব্যাপক প্রসার ঘটায় কার্ডফোনের চাহিদাও আগের মতো নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/পিসি/এএল/এইচএ/২১২৪ ঘ.