ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার আগেই দেশের ৪৮১টি উপজেলার এক কোটি পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করবে সরকার।
এ কর্মসূচি বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় থেকে এক লাখ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।"
তিনি বলেন, "জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া এ চাল খাদ্যগুদাম থেকে তাদের (জেলা প্রশাসক) ১৫ নভেম্বরের মধ্যে তুলতে হবে। কেন্দ্রে চাল পরিবহন ও অন্যান্য ব্যয় নির্বাহে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে।"
কোন অবস্থাতেই যেন একটি পরিবারে একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড না পায় তা নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানান গোলাম কিবরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৯৪৯ ঘ.
bdnews24