২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় একজনের ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় একজনের ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জালালউদ্দিন এ রায় দেন। দণ্ডিতরা হলেন- ফাঁসির দণ্ডপ্রাপ্ত জহিরুল হক এবং যাবজ্জীবন পাওয়া মাসুম মোল্লা, রফিকুল ইসলাম, মাসুম ভুঁইয়া ও নবীর হোসেন। রায় ঘোষণার সময় মাসুম মোল্লা ছাড়া অন্যরা পলাতক ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১২ মার্চ রাতে কাপড় ব্যবসায়ী ইদ্রিস আলী ভূঁইয়া জেলার আড়াইহাজার উপজেলার কালীবাড়ি বাজার থেকে ফেরার পথে বাজদী এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত হন। এ সময় তার কাছে থাকা নগদ ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরদিন ইদ্রিস আলীর ভাই আসাদুজ্জামান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইদ্রিস আলী নরসংদীর পশ্চিম বকখন্দী এলাকার প্রয়াত হাবিবুল্লার ছেলে। তিনি ভুলতায় কাপড়ের ব্যবসা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.