নড়াইল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধার কারণে নড়াইল জেলা যুবদল প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করতে পারেনি।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে তারা আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে জেলা বিএনপি'র আহবায়ক ইকবাল হোসেন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ বাধা দেয়। এর কারণে জিজ্ঞেস করা হলে তারা ওপরের নির্দেশের কথা বলে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ূব হোসেন বলেন, ওপরের নির্দেশে শোভাযাত্রা করতে দেওয়া সম্ভব হয়নি। তবে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।
জেলা যুবদল কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা শোভাযাত্রায় পুলিশের বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন।
জেলা যুবদল সভাপতি আলী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ এম মকবুল হোসেন, জেলা বিএনপি আহবায়ক ইকবাল হোসেন সিকদার, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের সিকদার, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24