ঢাকা অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জমি দখলদারদের সহায়তা করতেই ডিবি পুলিশ সাংসদ তাপসের বোমা হামলার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া শেখ সফিউল্লাহ সপুর স্ত্রী কলি বেগম বলেন, "সফুর জন্ম হয়েছে ১৯৮১ সালে, আর ফ্রিডম পার্টি বিলুপ্ত হয়েছে ১৯৯১ সালে। অতএব সফুর পক্ষে ফ্রিডম পার্টির সাথে জড়িত হওয়া কোনভাবেই সম্ভব নয়।"
তবে সপু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি জানান।
সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলার মামলায় শেখ সফিউল্লাহ সফুকে গত শনিবার গভীর রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। রোববার তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
কলি বেগম অভিযোগ করেন, তার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে গোয়েন্দা সংস্থা ও পুলিশকে দিয়ে আবেদ হোল্ডিং নামে এক প্রতিষ্ঠানের মালিক বরকতউল্লাহ আবেদ চাপ প্রয়োগ করে আসছেন।
তিনি বলেন, মিথ্যা মাদক মামলায় সপুর চাচা জয়নাল আবেদীনকে ফাসিয়ে দেওয়া হয়। কলি বেগম দাবি করেন, ডিবির ইন্সপেক্টর হাসান আবেদ হোল্ডিং এর মালিকের সঙ্গে টাকার বিনিময়ে আপোষ করার জন্যে কয়েকবার সফুকে চাপ দেন।
কান্নাজড়িত কণ্ঠে স্বামীর মুক্তি দাবি করে কলি বলেন, "বাড়িটি দখল করতেই আমার স্বামীকে সাংসদ তাপসের ওপর বোমা হামলায় জড়িত করা হয়েছে। আমার চাচাশ্বশুর বাকশালের মহাসচিব। তাহলে আমাদের পক্ষে কি করে সাংসদ তাপসের ওপর বোমা হামলা করা সম্ভব?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২১৪ঘ.
bdnews24