চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তীব্র সমালোচনা করে চট্টগ্রামের বিএনপি নেতা সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিএনপি দমন কমিশনে পরিণত করা হয়েছে।
দুদকের কর্মকর্তারা বর্তমানে ক্ষমতাসীন দলের এজেন্ট হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেন মহানগর বিএনপি'র আহবায়ক।
আমীর খসরু মাহমুদ বলেন, 'তারা অন্যায়ভাবে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও শহীদ জিয়া পুত্র তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।'
সাবেক এই মন্ত্রী মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধুরী, শামসুল আলম, বিএনপিনেতা আসলাম চৌধুরী, আবু সুফিয়ান, ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২০০ঘ.
bdnews24