জামালপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্যবসায়ী বিপ্লব হত্যা মামলায় চারজনকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি কাটা রাইফেল, আট রাউন্ড গুলি ও একটি ছোরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলম (২৯), আল আমীন (৩০), নুরুল ইসলাম নুরু (২৫) ও আব্দুস ছাত্তার (২৮)।
এদেরকে উপজেলার ডালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান।
তিনি জানান, গত ১৬ অক্টোবর রাতে দেওয়ানগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম বিপ্লবকে (৩৫) গুলি করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। গুলিবিদ্ধ বিপ্লব রোববার ঢাকা এ্যাপোলো হাসপাতালে মারা যান।
এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24