শেরপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রীবরদী পৌরসভায় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে বাক্স ভেঙে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় পুলিশ শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপাতি শোয়েব আলীকে গ্রেপ্তার করেছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম আকন্দ বাদী হয়ে শোয়েব আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আনিসুর রহমান জানান, শ্রীবরদী পৌরসভার নবনির্মিত মার্কেটের ২২টি কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার। এতে বেশকিছু দরপত্র জমা পড়ে।
দুপুর সাড়ে ১২টার দিকে শোয়েব আলীর নেতৃত্বে ১৫/২০ জন যুবক অতর্কিতে পৌরসভা কার্যালয়ে ঢুকে বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেয়।
এসপি বলেন, "দরপত্র জমা দেওয়ার বিষয়টি আগে না জানানোর কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দরপত্র ছিনতাই হয়ে যায়।
"এরপর পুলিশ শ্রীবরদী বাজার থেকে দরপত্র ছিনতাইয়ের মূল হোতা শোয়েব আলীকে গ্রেপ্তার করা হয়।"
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা আ. লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা জানান, কিছুদিন আগে স্থানীয় সাংসদ ফজলুল হক চাঁনের উপস্থিতিতে পৌরসভার কক্ষগুলো বরাদ্দ দেওয়ার তারিখ ১০ দিন পিছিয়ে দেওয়ার একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবটিতে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) সম্মতি দেন।
কিন্তু মঙ্গলবার ইউএনও'র অনুপস্থিতিতে দরপত্র জমা নেওয়া শুরু হলে উপস্থিত আ. লীগ কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে বাক্স ভেঙ্গে দরপত্র ছিনিয়ে নেয়।
ইউএনও তৌফিক আল মাহমুদ জানান, বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পর স্থানীয় আ. লীগ নেতৃবৃন্দ মৌখিকভাবে দরপত্র জমা দেওয়ার তারিখ পেছানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অধিকাংশ পৌর কাউন্সিলর এ ব্যাপারে সম্মত না হওয়ায় নির্ধারিত তারিখই বহাল রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24